শাপলা চত্বর ট্র্যাজেডি, ঢাকাতেই ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২০:৩৭, ৩ মে ২০২৬

শাপলা চত্বর ট্র্যাজেডি, ঢাকাতেই ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

শাপলা চত্বর। সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা ও হত্যার ঘটনায় ঢাকাতেই অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রবিবার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মামলার প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থল শাপলা চত্বরে ওই রাতেই ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের আরও কয়েকটি এলাকায় অতিরিক্ত মৃত্যুর প্রমাণও পাওয়া গেছে। সব তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসিকিউটর আরও জানান, এ ঘটনায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্যও তদন্তে উঠে এসেছে। এমনকি কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তার বিষয়েও প্রমাণ মিলছে বলে দাবি করেন তিনি। ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্টদেরও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানান।

তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তকরণসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দীর্ঘ সময় লেগেছে। প্রায় এক থেকে দেড় বছর ধরে ধারাবাহিকভাবে এই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযোগ রয়েছে, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক ব্যক্তি অভিযুক্ত রয়েছেন।

এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মোট ২৫ জনের বেশি ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

 

/এআর

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন