অস্বচ্ছল নারী শিক্ষার্থীর এক বছরের আবাসন ব্যয়ের ব্যবস্থা করলেন চাকসু জিএস

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২:০৩, ১৪ অক্টোবর ২০২৬

অস্বচ্ছল নারী শিক্ষার্থীর এক বছরের আবাসন ব্যয়ের ব্যবস্থা করলেন চাকসু জিএস

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অস্বচ্ছল নারী শিক্ষার্থীর এক বছরের আবাসন ব্যয়ের জন্য আর্থিক সহযোগিতা করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাঈদ বিন হাবিব।

বুধবার বিকেলে ওই শিক্ষার্থীর হাতে এ আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি। 

এর আগে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওই নবীন শিক্ষার্থী নিজের আর্থিক অসচ্ছলতা ও আবাসন সংকটের কথা জানিয়ে পোস্ট করেন। বাড়ি থেকে ক্যাম্পাসের দূরত্ব বেশি হওয়ায় প্রতিদিন যাতায়াত করতে গিয়ে তাকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। আর্থিক সংকটের কারণে নিয়মিত ক্যাম্পাসে আসা-যাওয়া করাও তার জন্য কঠিন হয়ে পড়ে।

ওই শিক্ষার্থীর পোস্টটি নজরে আসার পর তাকে নিজের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন চাকসু জিএস সাঈদ বিন হাবিব। পরে যোগাযোগের পর তাকে সহযোগিতা করা হয়।

এ বিষয়ে চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, আর্থিক অসচ্ছলতা কিংবা আবাসন সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আশপাশে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন, যাদের মেধা ও স্বপ্ন আছে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা তাদের পথ আটকে দেয়।

তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে কারও পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে পারে। কারও স্বপ্ন নতুন করে বেঁচে থাকার সাহস পেতে পারে।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন