চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

চবি প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২, ১৮ নভেম্বর ২০২৬

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারকবইয়ে ১৯৮১ সালের পঞ্চম চাকসু নির্বাচনে বিজয়ী জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার পরিষদের নাম না থাকায় সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা।

বুধবার সকালে স্মারকবইয়ে ওই প্যানেলের নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন চাকসুর সদ্য সাবেক ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

ছাত্রশিবির নেতাদের অভিযোগ, স্মারকবইয়ে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম চাকসু নির্বাচনের ভিপি ও জিএসদের নামের তালিকা স্থান পেলেও ১৯৮১ সালের পঞ্চম চাকসু নির্বাচনে বিজয়ী জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার পরিষদের নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তারা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শাখা ছাত্রশিবিরের নেতারা। একই সঙ্গে এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু '২৫-এর ভিপি ও জিএসের অসুন্দর ছবি ব্যবহার করে চবি শিবিরের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে স্বৈরাচারের কোনো প্রেতাত্মা ছাড় পাবে না।

তিনি আরও বলেন, দুপুর ১২টার মধ্যে প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন