চাঁদাবাজ প্রসঙ্গে বহিষ্কার

‘আমি শিবির করি, জামায়াত আমাকে কিভাবে বহিষ্কার করবে?’

চবি প্রতিনিধি

প্রকাশ: ০১:০২, ১ অক্টোবর ২০২৬

‘আমি শিবির করি, জামায়াত আমাকে কিভাবে বহিষ্কার করবে?’

ছবি : সংগৃহীত

চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে মিরসরাই পৌরসভা জামায়াতের দুই নেতাকে দল থেকে বহিষ্কারের খবর নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইমরান হাসান আফনান। তিনি দাবি করেছেন, তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, তাই জামায়াত তাকে বহিষ্কার করার এখতিয়ার রাখে না।

সম্প্রতি মিরসরাই উপজেলা জামায়াতের একটি রুকন বৈঠকে সর্বসম্মতিক্রমে আফনান ও মিরসরাই পৌরসভা জামায়াতের যুব বিভাগের সাইদুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। স্থানীয়ভাবে আফনান জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জামায়াতের এক দায়িত্বশীল নেতার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আফনান ও সাইদুল দলের মূল আদর্শ থেকে সরে গিয়ে সরকারদলীয়দের সঙ্গে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন। তাদের একাধিকবার সতর্ক করা হলেও সংশোধন না হওয়ায় দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ রক্ষায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আফনান। এক অডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথম বিষয় হচ্ছে এটা একটা হাস্যকর বক্তব্য। আমি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সঙ্গে কাজ করি। শিবির একটা স্বতন্ত্র সংগঠন, জামায়াত একটা আলাদা সংগঠন। তো আমি তো জামায়াত করি না। জামায়াত আমাকে বহিষ্কারও করতে পারে না।’

মিরসরাই পৌর জামায়াতের সঙ্গেও তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই দাবি করে আফনান বলেন, ‘আমার বাড়ি ওইখানে, ওই হিসেবে উনাদের সঙ্গে আমার যোগাযোগ-সম্পর্ক আছে। কিন্তু বহিষ্কার করার মতো আমি কোনো দায়-দায়িত্ব বা কমিটিতে নাই।’

জামায়াতের পৌর ও উপজেলা আমিরের বক্তব্যের বিষয়েও প্রশ্ন তুলেছেন আফনান। তার দাবি, ‘মিরসরাই পৌর জামায়াতের আমির, উপজেলা জামায়াতের আমির—দুইজনের সঙ্গেই আমি কথা বলছি। উনারা বলেছেন, উনারা এ ধরনের কোনো বক্তব্য কোনো মিডিয়াকে দেননি।’

এদিকে মিরসরাই পৌর জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। 

ওই পোস্টে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইমরান হাসান আফনান ও স্থানীয় সাইদুল জামায়াতের কোনো নেতা নন। ইমরান হাসান আফনান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দায়িত্বশীল। ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীলকে জামায়াত বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। তাদের দুজনের বিষয়ে বহিষ্কারের মতো কোনো ঘটনাও ঘটেনি। সাইদুলকে শুধু সামাজিক শৃঙ্খলা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত কোনো ব্যক্তির শরিয়ত ও সামাজিকবিরোধী কর্মকাণ্ডের দায়ভার গ্রহণ করে না। তাই এ বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্টদের কাছ থেকে সঠিক তথ্য যাচাই করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।’

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন