জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ ছাত্রদলের

জাবি প্রতিনিধি 

প্রকাশ: ১৫:২১, ২১ নভেম্বর ২০২৬

জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ ছাত্রদলের

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির পক্ষে রাজনৈতিক বয়ান তৈরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২১ নভেম্বর) জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

অভিযুক্ত তিন শিক্ষক হলেন—নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। এমন প্রেক্ষাপটে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির পক্ষে জনমত তৈরির অপচেষ্টা দেখা যাচ্ছে বলে দাবি সংগঠনটির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীরা মানুষের জান-মাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতা চালাচ্ছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার ও অতীত অপরাধের দায় স্বীকার না করে অভিযুক্ত শিক্ষকরা সুপরিকল্পিতভাবে নিজেদের অবস্থান এড়িয়ে যাচ্ছেন। মতপ্রকাশের স্বাধীনতার নামে তাঁরা ইতিহাস বিকৃত করছেন বলেও অভিযোগ করে ছাত্রদল।

সংগঠনটি জানায়, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আড়াল করে কোনো দায়মুক্তির বয়ান তারা গ্রহণ করবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টা শিক্ষার্থীরা প্রতিহত করবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন