আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে সমাজবিজ্ঞানকে হারিয়ে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞানের দোলা-সিম্মি জুটি

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৩, ২৬ নভেম্বর ২০২৬

আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে সমাজবিজ্ঞানকে হারিয়ে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞানের দোলা-সিম্মি জুটি

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬-এর নারী বিভাগের শিরোপা জিতেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের দুই শিক্ষার্থী নাজমিন আক্তার দোলা ও সানজানা আফরিনের জুটি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন দোলা ও সানজানা। এর আগে একই দিন অনুষ্ঠিত সেমিফাইনালে লোক প্রশাসন বিভাগকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় রাষ্ট্রবিজ্ঞান। অন্যদিকে, মার্কেটিং বিভাগকে হারিয়ে ফাইনালে ওঠে সমাজবিজ্ঞান বিভাগ।

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে নাজমিন আক্তার দোলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে দারুণ আনন্দের ও গর্বের। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ধরে রাখতে পেরেছি, এটা অনেক বড় পাওয়া। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় প্রতিপক্ষের স্লেজিং আমাকে ভেতর থেকে জেদ এনে দিয়েছিল। পাশাপাশি আব্বার সর্বোচ্চ সমর্থন এবং সিনিয়র-জুনিয়র ভাই-আপুদের সহযোগিতা আমার বড় শক্তি হিসেবে কাজ করেছে। আমার পরিশ্রম বৃথা যায়নি। আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন হয়েছি।’

টুর্নামেন্টের প্রকাশিত সূচি অনুযায়ী, নারী বিভাগের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ অংশ নেয়। বিভাগগুলো হলো রাষ্ট্রবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, বাংলা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, পরিসংখ্যান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস।

গত ২৩ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শেষে ২৪ নভেম্বর পরবর্তী ধাপের খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে ২৫ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে নারী বিভাগের প্রতিযোগিতা শেষ হয়।

দোলা ও সানজানার এই সাফল্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে নিজেদের দক্ষতা ও প্রচেষ্টার স্বাক্ষর রেখে বিভাগের জন্য শিরোপা নিশ্চিত করেন তাঁরা।

জিএ

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন