টিএনএন ডেস্ক
প্রকাশ: ২৩:৫৩, ৬ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের রিডিং রুম থেকে বিসিএসের চারটি বই চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তার বিক্রি করা বইয়ের কিছু ছবি এবং বিক্রির উদ্দেশ্যে ক্রেতাদের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রাকিবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ ফরহাদ হোসেন হলে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাকিবুল ইসলাম শহীদ আব্দুর রব হল সংসদের রিডিং রুমের বিসিএস প্রস্তুতির চারটি বই—খায়রুল ম্যাথ, জর্জ সিরিজের এমপিথ্রি প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ধরলা পাবলিকেশনের বাংলা বই ‘রচনা ও সম্পাদিত’—চারজনের কাছে বিক্রি করেছেন।
মঙ্গলবার রাতে বাংলা বইটি বিক্রির বিষয়টি সামনে আসার পর বাকি তিনটি বইয়ের ক্রেতারাও রব হল সংসদের জিএস মনির হোসেনের কাছে গিয়ে জানান, ওই ছাত্রদল নেতা তাদের কাছেও তিনটি বই বিক্রি করেছেন। পরে তারা বইগুলো হল সংসদের কাছে ফেরত দিয়ে দেন।
এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের জিএস মনির হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা রিডিং রুম থেকে বেশ কিছু বই পাচ্ছিলাম না। আজ হঠাৎ ফেসবুকে হল সংসদের বাংলা বই এক শিক্ষার্থী বিক্রি করার কিছু পোস্ট দেখলাম। পরে আমার কাছে তিন শিক্ষার্থী এসে জানালেন, তাদের কাছে ওই শিক্ষার্থী তিনটি বই বিক্রি করেছেন। পরে তারা বইগুলো রেখে যান।

নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রদল নেতার কাছ থেকে খায়রুল ম্যাথ বইটি কেনা এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আমি ৫০০ টাকা দিয়ে বইটি কিনেছি। যখন তার কাছে জানতে চাইলাম, কেন বিক্রি করছেন, তখন তিনি বলেন, তিনি আর চবিতে পড়াশোনা চালিয়ে যাবেন না। উচ্চশিক্ষার জন্য জাপান চলে যাবেন। সেখানে তার ভাই আছেন।’
বই চুরি করে বিক্রি করার অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন রাকিবুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, আমি বিসিএসের বাংলা বইটি একজনের কাছ থেকে কিনেছিলাম। পরে ওটা বিক্রি করে দিয়েছি।