১০ ভরি স্বর্ণ দিয়ে বিয়ের অভিযোগ ছাত্রদল সেক্রেটারির, ওপেন চ্যালেঞ্জ চাকসু ভিপির

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৪, ১৫ অক্টোবর ২০২৬

১০ ভরি স্বর্ণ দিয়ে বিয়ের অভিযোগ ছাত্রদল সেক্রেটারির, ওপেন চ্যালেঞ্জ চাকসু ভিপির

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির বিয়েতে ১০ ভরি স্বর্ণ দেওয়ার অভিযোগ করেছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এ অভিযোগের সত্যতা প্রমাণে নোমানকে তিন দিনের সময় বেঁধে দিয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন রনি। 

তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত তথ্য-প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় ভিপি পদ থেকে পদত্যাগ করবেন। অন্যথায় তার বিরুদ্ধে করা ক্রমাগত মিথ্যাচারের জন্য নোমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 

বৃহস্পতিবার বিকেলে চাকসুর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ জানান রনি। এ সময় নোমানের বিরুদ্ধে হল মসজিদ সংস্কারকাজে টেন্ডারবাজি ও অবৈধভাবে হলের আসন দখলের জন্য প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের পক্ষে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কাটিং তুলে ধরেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

লিখিত বক্তব্যে রনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সরকারদলীয় ছাত্রসংগঠনের একক আধিপত্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষক হেনস্তা ও শিক্ষার্থী নির্যাতনের মতো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে।

তিনি বলেন, চবি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, শিক্ষক হেনস্তা, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মানহানি, ক্যান্টিনে বিনা মূল্যে খাবার খাওয়া, হলের বই চুরি করে বিক্রি, নারী হেনস্তা, র‍্যাগিং, সাংবাদিকদের হুমকি, হলে মাদক সেবন ও দোকানিকে মারধরের মতো অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ছাত্রদলের কোনো অপকর্ম বা ষড়যন্ত্রের কারণে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে এর দায় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন