চবি প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৩, ১৩ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও জরুরি চিকিৎসা সেবা পরিবহন সহজ করার লক্ষ্যে ৫০ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রাঙ্গণে এ হস্তান্তর অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাকসুর ৭ম ক্যাবিনেটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এই অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সফিকুল ইসলাম। চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাইদ বিন হাবিবসহ চাকসু এবং হল ছাত্রসংসদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চাকসুকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবিনি, সহযোগী হিসেবে ভেবেছি। চাকসু এখন শেষ সময়ে এসে দাঁড়িয়েছে। গত ১ বছরের পুরো সময়জুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কষ্টগুলো লাঘব করার চেষ্টা করেছি। খাবার, আবাসন, যাতায়াত থেকে শুরু করে সবকিছুতে কাজ করেছি।
তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে চলতে গেলে আমাদের ভেতর রাজনৈতিক মতভেদ-মতপার্থক্য থাকবে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সবাই একসাথে কাজ করবো।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আমরা এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছি। আশা করি, এটি শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের কল্যাণে চাকসুর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।