চবি প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৬, ৫ মে ২০২৬
ছবি: সংগৃহীত
রাজনৈতিক চাপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। তাসলিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য নেক্সট নিউজকে অব্যাহতি পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই অব্যাহতি পত্রে মোহাম্মদ তাসলিম উদ্দিন জানান, তিনি পারিবারিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে অপারগ। তবে তিনি দ্য নেক্সট নিউজকে জানিয়েছেন, তিনি ছাত্র ও শিক্ষক রাজনীতির চাপের সম্মুখীন হচ্ছেন। তবে তিনি কোন রাজনৈতিক দলের চাপের সম্মুখীন হচ্ছেন, তা খোলাসা করেননি।
ড. তাসলিম উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পর ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে দুই বছর মেয়াদে এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৩ সেপ্টেম্বর ২০২৬।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানকে তিনবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।