ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৫, ৩০ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে প্রভাষক পদের নিয়োগ বোর্ড সম্পন্ন হয়েছে। এতে স্বজনপ্রীতি ও ১ম বর্ষে অকৃতকার্য হওয়া নিয়ে অভিযোগ ওঠা সেই শিক্ষার্থী ফিরোজা নাজনীনের বিষয়ে সিন্ডিকেট সভায় নোট অব ডিসেন্ট রেখে নিয়োগ স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বিকেল থেকে শুরু হওয়া সিন্ডিকেট সভায় অভিযোগের বিষয় সামনে আসলে ‘নোট অব ডিসেন্ট’ থাকায় আপাতত স্থগিত রাখা হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্বচ্ছ রাখতে স্বয়ং উপাচার্য পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে শুরু হওয়া লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ফিরোজা নাজনীন নিয়ে ক্যাম্পাসে বিতর্কিত তথ্য জানাজানি হয় এবং ‘দ্যা নেক্সট নিউজ’ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে বিভাগ সূত্রে জানা গেছে, আইসিটি বিভাগের ২০০৮-৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফিরোজা নাজনীন প্রথম বর্ষে একটি কোর্সে অকৃতকার্য হয়। পরে প্রথম বর্ষের ফলাফল সিজিপিএ ২.৯৮ অর্জন করে। অকৃতকার্য হওয়া কোর্সটির শিক্ষক ছিলেন— অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ। এদিকে অন্য কোর্সে ‘ইম্প্রুভ’ দিলেও সার্টিফিকেট থেকে ‘ইম্প্রুভ’ শব্দটি মুছে ফেলার অভিযোগ রয়েছে।এছাড়া নিয়োগ প্রতিযোগিতার দৌঁড়ে এগিয়ে থাকা শিক্ষার্থী ফিরোজা’র স্বামী স্বয়ং আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। অকৃতকার্য হওয়া কোর্সটির নাম ছিল ইলেকট্রিসিটি এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম।
সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীকে প্রথম সারিতে রেখে নিয়োগ বোর্ড সুপারিশ করেছে। সিন্ডিকেট চলাকালে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অভিযোগের বিষয়গুলো প্রশাসনের নজরে আসে। সিন্ডিকেট সদস্যরা নোট অব ডিসেন্ট দেয়। ফলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নিজেই পর্যবেক্ষণের জন্য আপাতত নিয়োগটি স্থগিত রাখেন। তবে একই সভায় আরও দুই বিভাগে তিন শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন।
জিএ