চবির সোহরাওয়ার্দী হলে ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৮, ৯ অক্টোবর ২০২৬

চবির সোহরাওয়ার্দী হলে ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে চার শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সোহরাওয়ার্দী হল সংসদের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও নিউট্রিশন বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। পাশাপাশি তাঁদের বিনামূল্যে প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হল সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ ইউসুফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালটির নিউট্রিশনিস্ট ডা. মো. ইকবাল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ফয়জুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কে. সামিয়া শিমু ও ডা. মেহতাজ তাসনিম।

অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী হল সংসদের জিএস নুরুন্নবী সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ আবরার ফারাবী।

বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যগত সমস্যা নিয়ে সচেতনভাবে কথা বলার ওপর গুরুত্বারোপ করেন। 

তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ।

আয়োজকেরা জানান, আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন