ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টায় শাহবাগ থানার সামনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর হামলার অভিযোগ তুলে তিন দফা দাবি জানিয়েছেন সহপাঠীরা। এক বার্তায় তারা দাবি করেন, শিক্ষার্থীর ওপর বর্বর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— হামলায় অংশ নেওয়া ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট প্রত্যেক পুলিশ সদস্যের শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশি কার্যক্রম বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।
ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
/এআর