টিএনএন ডেস্ক
প্রকাশ: ১১:৩০, ১৪ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শহরের চৌধুরী বাজার এলাকায় জনতা প্রথমে তাদের আটক করে এবং পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেনাবাহিনী তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন জানান, চৌধুরী বাজারের ‘শেখ জামাল অটোমেটিক ফ্লাওয়ার মিলস’-এর মালিক শেখ জামাল মিয়ার কাছ থেকে দীর্ঘদিন ধরে সাকিব ও তার সহযোগীরা ‘মব’ ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। প্রায় ১৫ দিন আগে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিব ও তার সহযোগীরা আবার দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করলে বিষয়টি জানাজানি হয়। এরপর স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে আটক করে বিক্ষোভ শুরু করেন।
আটক এনামুল হক সাকিব উমেদনগরের আব্দুল মতিনের ছেলে। অন্য দুইজন হলেন একই এলাকার শিহাব আহমেদ (২২) এবং নসরতপুরের মোশারফ হোসেন (২৪)।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাকিব নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে শহরে প্রভাব বিস্তার শুরু করেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মামলা ও ‘মব জাস্টিসের’ ভয় দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি ও তার চক্র। তার বিরুদ্ধে আগে হামলা ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শেখ জামাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাকিব আটক হওয়ার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
/এআর