১৭ বছরে ‘তারুণ্য’, ইবি শিক্ষার্থীরা কেন জড়াবে?

রবিউল আলম, ইবি

প্রকাশ: ১৯:৫১, ২৯ জুলাই ২০২৫

১৭ বছরে ‘তারুণ্য’, ইবি শিক্ষার্থীরা কেন জড়াবে?

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে সামাজিক ও অরাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়ার প্রতিযোগিতা চলে নবীন শিক্ষার্থীদের। তবে কোনো একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করার মনোবাসনা দেখা যায়। হতে পারে লিডারশিপ হওয়া, সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজ করা, কারো ইচ্ছে থাকে মানুষের পাশে দাঁড়ানো কিংবা গ্রুপ স্টাডি করা ইত্যাদি।

এ সবই পূরণ করতে ভিন্ন ভিন্ন সংগঠনে যাওয়ার প্রয়োজন মন করে অনেকে। বলতে গেলে এমন একটা সংগঠন খুঁজে বেড়ায়, যেখানকার কার্যক্রম ‘একের ভিতর সব’।

বলছি ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠা লাভ করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’র কথা। আজকের দিনে পূর্ণতা পেয়েছে ১৬ বছর এবং ১৭ বছরের পা রাখছে তরুণ এই সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ-সহ বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। এই জন্যই নবীন শিক্ষার্থীরা সহজে যুক্ত হয়ে যান ইবি তারুণ্যে।

বইপোকাদের হাতছানি:

শিক্ষার্থীদের পাঠ্যভাস গড়ে তুলতে ও বইপোকা জ্ঞানপিপাসুদের নতুন করে বইপ্রেম জাগ্রত করতে এক ব্যতিক্রমী আয়োজন গ্রহণ করে থাকেন 'তারুণ্য'। শিল্প-সাহিত্য সহজলভ্য করণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে সবচেয়ে বড় আমেজপূর্ণ আড্ডার কেন্দ্রস্থল বটতলায় গত ২০১৯ সালে ২০ মার্চে ভ্রাম্যমাণ 'তারুণ্য লাইব্রেরি' গড়ে তুলেছিল সংগঠনটি।

সংগঠনটির নির্দিষ্ট নিয়মমাফিক সদস্য সহ সবার জন্য উন্মুক্ত পরিবেশে প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক নিদারুণ কর্মসূচি পালনের মাধ্যমে ‘ভ্রাম্যমাণ তারুণ্য লাইব্রেরি’ নিয়মিত বটতলায় আলো ছড়াচ্ছে। তারুণ্যের সদস্যসহ ইবির সকল শিক্ষার্থী সহজে নির্দিষ্ট শর্ত পূরণ করে ‘তারুণ্য লাইব্রেরি’ থেকে বই আদান-প্রদান করতে পারে। রয়েছে বটতলায় বসে বসে বই পড়ার যথেষ্ট সুযোগও।

লাইব্রেরি বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতি মনোভাবাপন্ন করে গড়ে তুলতে 'তারুণ্য লাইব্রেরি' প্রতিষ্ঠা করা হয়েছে। তারুণ্য লাইব্রেরি তে প্রায় ১৫০০ সংখ্যক বই রয়েছে। যেখানে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, রাজনৈতিক, বিজ্ঞানভিত্তিক সহ নানান ধরণের বই রয়েছে।’

লিডারশিপ ট্রেনিং:

জনসেবামূলক কাজের পাশাপাশি সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রতিবছরই বিভিন্ন ট্রেনিং-এর আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে লিডারশিপ ট্রেনিং, টিম বিল্ডিং ট্রেনিং, ফাস্ট এইড ট্রেনিং। এসকল ট্রেনিং-এর মাধ্যমে সদস্যরা নেতৃত্বের গুনাবলি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকে।

গত ১৫ ও ১৬ মে দুই দিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের দক্ষ ও নেতৃত্ব গুণাবলি সম্পন্ন করে গড়ে তুলতে ‘ট্রেনিং অন লিডারশিপ’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেন সংগঠনটি।

নেতৃত্বের বিষয়ে তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, সুশৃঙ্খল সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে, দেশ ও জাতি গঠনে মানবিক গুনাবলি সম্পন্ন নেতৃত্বদানকারী ব্যক্তি গঠনে সহায়ক ভূমিকা পালন করে ‘তারুণ্য’। যোগ্য নেতাদের হাত ধরেই তারুণ্য পৌঁছে যাক প্রতিটি অসহায় মানুষের কাছে। এবং যোগ্য নেতারাই হয়ে উঠুক ভবিষ্যতের কর্ণধার।

সাবেক সভাপতি মো. মারুফ হোসেন বলেন, ‘আমরা এই তরুণ সদস্যদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও আমাদের সমাজের উন্নয়ন ও সমৃদ্ধি করি। বিগত ১৬ বছরে তারুণ্য প্রায় ৩০০ যোগ্যতাসম্পন্ন নেতা তৈরি করেছে।’

শীতার্ত মানুষের দোরগোড়ায় ‘তারুণ্য’:

আঞ্চলিক আবহাওয়া জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যেমনটা রুক্ষ ভেপসা গরম, পক্ষান্তরে শীতকালে কনকনে ঠাণ্ডা হাওয়া বিরাজ করে। এক্ষেত্রে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির একঝাঁক তরুণ বক্স হাতে নিয়ে অর্থ সংগ্রহে ছুটে চলে দূরদূরান্তে। সংগৃহীত অর্থ পৌঁছে দেয় শীতার্ত মানুষের দোরগোড়ায়।

শীতকালীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিয়ে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা জানান, ‘শীতকাল অনেকের কাছে পিঠা পুলির আমেজ মনে হলেও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের নিম্নশ্রেণির মানুষের কাছে এ যেন এক আতঙ্কের নাম। শীতের এই প্রতিকূলতা মোকাবিলায় শীতার্তদের পাশে দাঁড়াতে তারুণ্যের এক ঝাক উদ্যমী, পরিশ্রমী, স্বেচ্ছাসেবী প্রতিবছর বাক্স নিয়ে অর্থ সংগ্রহে যুদ্ধে নেমে পড়ে। প্রতিবছরে প্রায় দেড় থেকে দুইশতাধিক পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।’

অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম:

পরিষ্কার-পরিচ্ছন্নতা: তারুণ্যের আশ্বাস পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। ক্যাম্পাসের সৌন্দর্য যেন ঠিক রাখা যায় তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃক্ষরোপন: তারুণ্য সব সময় সবুজ পৃথিবীরর স্বপ্ন দেখে। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং ভারসাম্য বজায় রাখতে প্রতিবছরই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে থাকে সংগঠনটি।

ত্রাণ বিতরণ: প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ। প্রতিবছর বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারুণ্য সাধ্যমতো অংশগ্রহণ করে থাকে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারুণ্য।

এ ছাড়াও সংগঠনটির বিবিধ কার্যক্রম নিয়ে বর্তমান সভাপতি তুরান জানান, ‘সদস্যদের সংস্কৃতিমনা করে তুলতে প্রতি মাসে বৈকালিক আড্ডার আয়োজন করে ‘তারুণ্য’। যেখানে সদস্যরা তাদের পঠিত বই সম্পর্কে আলোচনা করে থাকে। বিভিন্ন জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সদস্যদের উৎসমুখর পরিবেশে খিচুড়ি উৎসব, বাৎসরিক ট্যুর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বইমেলায় অংশগ্রহণ সহ আরও নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে তারুণ্য।’

১৩ সদস্যবিশষ্ট কার্যনির্বাহী কমিটি:

সংগঠনটির বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল। অন্য সদস্যরা হলেন- আল-হুদা (সহ-সভাপতি), জান্নাতুল ফেরদৌস জেসি (যুগ্ম-সাধারণ সম্পাদক), ফারহানা আইরিন মণি (সদস্য সচিব), মো. ইমন হোসেন (সাংগঠনিক সম্পাদক), শারমিন আক্তার বৃষ্টি (কোষাধ্যক্ষ), মো. জাহেদুল ইসলাম (দপ্তর সম্পাদক), তাবাসসুম মোহসিনা (প্রচার সম্পাদক), জুবায়ের হোসেন তানভীর (রক্তদান কর্মসূচী সম্পাদক), মো. ইমরান হোসেন (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), মো. মহিউদ্দিন (সমাজকল্যাণ সম্পাদক) এবং আতিয়া ইবনাত (শিশু শিক্ষা সম্পাদক)।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন