টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৫:৩১, ৮ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত
বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়ানো এবং বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে চলতি জানুয়ারি মাসে নিলামের মাধ্যমে মোট ৬১৭ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ দফায় ১৫টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ২০৬ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। এ ক্ষেত্রে ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এ নিলামে কাটঅফ মূল্যও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। সর্বশেষ এই ক্রয়সহ চলতি জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৭ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে চলতি ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে। অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, নিয়মিত এ ধরনের উদ্যোগ বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়াতে এবং বিনিময় হারকে স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
/এআর