টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৯:৪৫, ১১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আবেদন করা যাবে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এমন গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সমাবর্তন আয়োজনের প্রস্তুতিসংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে।
একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় তাদের সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উপাচার্য এসব কমিটিকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।
জিএ