এক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২৩:৩১, ১ জুলাই ২০২৬

এক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। 

এর মধ্যে শুধু ৩০ জুনই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই, ২০২৫-জুন, ২০২৬) প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এক অর্থবছরে দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের ঘটনা।

আগের ২০২৪-২৫ অর্থবছরের ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় এই প্রবাহ ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক খাতের উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত জোরালো অবদানের প্রতিফলন।

২০২৬ সালের জুন মাসে দেশে ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের জুন মাসে এই পরিমাণ ছিল ২ দশমিক ৮২৩ বিলিয়ন ডলার। বার্ষিক হিসাবে জুন মাসে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৬ শতাংশ সামান্য হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের শেষ দিন ৩০ জুন একদিনেই প্রবাসীরা দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। 

জুন মাসে সামান্য হ্রাস পাওয়া সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছর দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্স অর্জনের মাধ্যমে শেষ হয়েছে। এটি প্রবাসীদের আয়ের টেকসই ধারাকে প্রতিফলিত করে।

জিএ

আরও পড়ুন