বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৬, ১১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত থাকার অভিযোগে অবিলম্বে পদোন্নতি ও আপগ্রেডেশন প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৃতীয় শ্রেণির কর্মচারীরা। তবে উপাচার্যের আশ্বাসে গত ৭ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছেন আন্দোলনরত কর্মচারীরা।
রোববার (১১ অক্টোবর) সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তাঁরা।
কর্মচারীরা জানান, গত ৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আন্দোলনরত কর্মচারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপাচার্যের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, আপগ্রেডেশন ও অর্গানোগ্রামসহ বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপাচার্য কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে নিয়মতান্ত্রিক উপায়ে সেগুলো সমাধানের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
কর্মচারী নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং উপাচার্যের আশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হলে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পুনরায় আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
জিএ