টিএনএন ডেস্ক
প্রকাশ: ২১:০২, ১৭ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবদুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই পদে সনদপ্রাপ্ত হিসাববিদ এস এম আবদুল হামিদকে নিয়োগ দেওয়া হয়েছে।
পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে সোমবার (১৬ মার্চ) অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এরপর আবদুল হামিদকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান এই তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেছে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তি দেওয়ার, তাই দিয়েছে। এটি রুটিন কাজের অংশ।
আব্দুল হামিদ গণমাধ্যমে বলেন, অগ্রাধিকার থাকবে কীভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ব্যাংকটি ভালো অবস্থানে যেতে পারে।
২০১৭ থেকে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের আগপর্যন্ত ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এ সময় ব্যাংকটি থেকে নামে-বেনামে ১ লাখ ২০ হাজার কোটি টাকা তুলে নেয় গ্রুপটি। এ ছাড়া পরীক্ষা ছাড়াই ১০ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। এসব কারণে ব্যাংকটি বড় সমস্যার মধ্যে পড়েছে।
২০২৪ সালে অর্ন্তবর্তী সরকার দায়িত্ব দেওয়ার পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে। এ সময় পালিয়ে যান শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয় মো. আবদুল জলিলকে।
জিএ