৫ মাসে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ৪৫ টাকা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৭:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

৫ মাসে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ৪৫ টাকা

ছবি: সংগৃহীত

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।

এর ফলে বর্তমান সরকারের গত পাঁচ মাসে অকটেনের দাম লিটারপ্রতি ৪৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৪ টাকা বেড়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিনের দাম ১৮ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়ানো হয়েছিল।

পরে জুনে আবার তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত রেখে কেরোসিন ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং অকটেন ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা করা হয়। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরেও এসব দাম বহাল ছিল।

এবার চার ধরনের জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হলো।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি।

মন্ত্রণালয়ের হিসাবে, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারি মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ডিজেলে ১২৩ টাকা ৫৮ পয়সা, কেরোসিনে ১৪৩ টাকা ৭৮ পয়সা, অকটেনে ১৪৯ টাকা ৭৮ পয়সা এবং পেট্রোলে ১৪৪ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।

জিএ

আরও পড়ুন