টিএনএন ডেস্ক
প্রকাশ: ০৮:৪১, ৪ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
কিছু মানুষ আছে, যাদের প্রথম দেখাতেই আমাদের ভালো লেগে যায়। আলাপ পরিচয় হলেই, মনে হয় আরেকটু কথা বলি। তাদের সঙ্গ আমাদের ভালো লাগে। খুব সহজেই তারা আমাদের মন জিতে নেয়। কিন্তু কেন এমন হয়?
জেনে নেওয়া সেই গুণগুলো সম্পর্কে যা একজন মানুষকে সবার কাছে পছন্দনীয় করে তোলে-
তারা মানুষকে ফেলে দেন সামান্য অস্বস্তিতে
আমরা সাধারণত অন্যদের সঙ্গে মানিয়ে চলতে চাই। অন্যের কথায় খুব দ্রুত একমত হই, হেসে কথা বলি। কিন্তু যারা প্রথম দেখাতেই পছন্দনীয়, তারা ঠিক এর উল্টোটা করেন। তারা উত্তর দিতে একটু দেরি করেন, আর এমন কিছু বলেন যা আপনি আশাও করেননি, এমনকি আচরণেও আনেন অপ্রত্যাশিত ছন্দ।
তাতে আমাদের অস্বস্তি হয় বটে,তবে ওই মানুষটার প্রতি কৌতুহলও জাগিয়ে তোলে। তাদের এই গুণ তাদের করে তোলে আকর্ষণীয়।
সবার ভালো লাগা নিয়ে তারা চিন্তিত নন
বেশিরভাগ মানুষই চায় সবাই তাকে পছন্দ করুক। কিন্তু এমনও মানুষ আছেন, যারা খুব ভালো করেই জানেন যে, সবাইকে খুশি করা সম্ভব নয়। তাই তারা চেষ্টা করেন না সবার মন জোগাতে।
এর ফলে কী হয়?
এর ফলে তারা থাকেন আত্মবিশ্বাসী। এই মনোভাব মানুষের মধ্যে এক ধরনের শ্রদ্ধা তৈরি করে। আর তাদের করে তোলে আকর্ষণীয় ও আপন।
তারা শোনেন বেশি, বলেন কম
যারা মন দিয়ে শোনেন, তারা সহজেই অন্যের মন জিতে নেন। তারা শুধু নিজে কী বলবেন তা নিয়ে ব্যস্ত থাকেন না, বরং আগ্রহ নিয়ে অন্যের কথা শুনে যান, অন্যের কথার গুরুত্ব বোঝেন।
এতে করে আমাদের মনে হয় “এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে।” আর এই অনুভবই তাদের আপন করে তোলে।
দুর্বলতা প্রকাশে ভয় পান না একেবারেই
তারাই সকলের আদরণীয়, যাদের ভেতর নিজেকে নিখুঁত করে তোলার কোন চেষ্টা নেই। তারা নিজের ভুল ঢেকে রাখার চেষ্টা করেন না। বরং তারা নিজের ভুল স্বীকার করেন, এমনকি নিজের ভুলে নিজেই হাসতে পারেন। আর এই গুণ তাদের অন্যদের কাছে সাধারণ করে তোলে। তখন লোকে ভাবে “ আরে, ও তো আমার মতোই সাধারণ।”
ভালোবাসা বিলিয়ে দেন উদারভাবে
সহজেই যাদের পছন্দ হয়, তাদের এক অসাধারণ গুণ হলো তারা নিজের সম্পর্কে ভালো অনুভব করান। তারা প্রশংসা করেন, উৎসাহ দেন, এমনকি অন্যের ছোট ছোট সফলতাও উদযাপন করেন।
তাদের এই আচরণ কখনোই কৃত্রিম বা বাড়াবাড়ি নয়। এটা একেবারে আন্তরিক। তারা শুধুই ইতিবাচকতা ছড়িয়ে দিতে চান।
আর কে না চায় এমন একজনের সঙ্গে থাকতে, যিনি অন্যকে গুরুত্বপূর্ণ মনে করান?
তারা অন্যদের প্রতি কৌতূহলী
যারা সহজে মানুষের মন জিতে নেন, তারা সাধারণত খুব কৌতূহলী হন। তারা মানুষ সম্পর্কে জানতে চান, জিজ্ঞাসা করেন তাদের পছন্দ কী।
আর তারা শুধু প্রশ্নই করেন না, উত্তরের প্রতিও আন্তরিকভাবে মনযোগী হন। এভাবে তৈরি হয় এক ধরনের সংযোগ, যা সম্পর্ক গড়ে তোলে সহজেই।
তারা সম্মানের সঙ্গে দ্বিমত পোষণ করেন
অনেকেই দ্বিমত পোষণ করা বলতে বোঝেন ঔদ্ধত্য প্রকাশ করা। কিন্তু অত্যন্ত সম্মানের সাথেও যে দ্বিমত পোষণ করা যায়। আর এই গুণটি যাদের ভেতর থাকে, তাদের সঙ্গে অন্যরা প্রাণ খুলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পছন্দ করেন।
এই গুণের যারা অধিকারী, তারা যে কারও মতের সঙ্গে দ্বিমত করলেও তাদের ছোট করেন না। বরং চিন্তাকে চ্যালেঞ্জ করেন এবং আলোচনা তৈরি করেন। এতে বোঝা যায়, তারা অন্ধ সমর্থনের চেয়ে সততাকে বেশি মূল্য দেন।
তারা নিজেদের নিয়ে সুখী হন
যারা সহজে পছন্দনীয় হয়ে ওঠেন, তারা নিজেদের নিয়ে স্বস্তিতে থাকেন। তারা অন্য কারো মতো হওয়ার চেষ্টা করেন না, নিখুঁত সাজতেও চান না।
“আমি যেমন, তেমনই”- এই আত্মবিশ্বাস তাদের চারপাশে এক ধরনের স্বস্তির বাতাবরণ তৈরি করে। তারা যেমনই হন, সেই স্বাভাবিকতা থেকেই জন্ম নেয় আকর্ষণ।
সূত্র: মিডিয়াম।
জিএ