টিএনএন ডেস্ক
প্রকাশ: ১২:০৪, ২ অক্টোবর ২০২৫
ছবি: সংগৃহীত
বেঁচে থাকতে হলে পানি ছাড়া কোন গতি নাই। তাই প্রতিদিন খেতে হয় পর্যাপ্ত পানি। পানি খাওয়া মানে শরীরকে সুস্থ রাখা, হজম স্বাভাবিক রাখা এবং মনকে সতেজ রাখা। তবে শুধু বেশি বেশি পানি খাওয়াই যথেষ্ট নয়, কখন পানি খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। ভুল সময়ে পানি খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।
চলুন জেনে নিই, কোন কোন সময়ে পানি খাওয়া এড়িয়ে চলাই ভালো-
খাবার ঠিক আগে বা খাওয়ার সময়
অনেকেই খাবার খাওয়ার ঠিক আগে, ঢক ঢক করে পানি তো খানই, এমনকি খাওয়ার সময়ই পানি খেতে থাকেন। কিন্তু চিকিৎসকরা বলেন, খাবারের ঠিক আগে বা খাওয়ার সময় অতিরিক্ত পানি হজম রসকে পাতলা করে দেয়। এতে খাবার হজম হতে দেরি হয়, পেটে গ্যাস, ফাঁপাভাব কিংবা ভারী লাগার প্রবণতা তৈরি হয়। সবচেয়ে ভালো হলো খাওয়ার অন্তত ২০–৩০ মিনিট আগে অথবা খাওয়া শেষ হওয়ার আধঘণ্টা পর পানি খাওয়া।
ঘুমানোর ঠিক আগে
অনেকে অভ্যাসবশত রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানি খেয়ে নেন। এতে সমস্যা হলো, ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের জন্য উঠে যেতে হয়, গভীর ঘুম ভেঙে যায়। ঘুমের মান নষ্ট হলে শরীর পরের দিন ক্লান্ত হয়ে পড়ে। তাই রাতে ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে পানি খাওয়া শেষ করে নেওয়াই উত্তম।
ব্যায়ামের পরপরই বরফ ঠান্ডা পানি
ব্যায়াম করলে শরীরের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। এই অবস্থায় একেবারে বরফ ঠান্ডা পানি পান করলে পেটে ব্যথা বা মাংসপেশি ধরে আসতে পারে। বরং ব্যায়ামের পর শরীরকে একটু সময় দিয়ে, খানিক বিশ্রাম নিয়ে, ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় পানি খাওয়া সবচেয়ে ভালো উপায়। এতে শরীর সহজে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
চা, কফি বা অ্যালকোহলের সঙ্গে
চা, কফি বা অ্যালকোহল শরীরকে পানিশ করে। অনেকেই মনে করেন সঙ্গে সঙ্গে পানি খেলেই ক্ষতি কাটিয়ে ওঠা যায়। কিন্তু বাস্তবে এতে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হতে পারে। তাই চা বা কফি খাওয়ার অন্তত আধঘণ্টা পর পানি খাওয়াই নিরাপদ।
দীর্ঘক্ষণ উপোসের পর
রোজা বা উপোসের পর অনেকেই হঠাৎ একসাথে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলেন। এতে বমি, পেট ব্যথা কিংবা অস্বস্তি হতে পারে। বরং ধীরে ধীরে, ছোট ছোট চুমুক দিয়ে পানি খাওয়া উচিত। এতে শরীর স্বাভাবিকভাবে তরল গ্রহণ করে এবং হজমে কোনো সমস্যা হয় না।
কিছু সহজ বার্তা-
পানি খাওয়ার মূল নিয়ম খুব সহজ- পিপাসা পেলেই পানি খাবেন, তবে সময় ও পরিমাণে সচেতন থাকবেন। খাওয়ার সময় বা ঠিক আগে একেবারেই নয়, ঘুমানোর আগেও নয়, আবার ব্যায়াম শেষ হলেই সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা পানি নয়।
বরং সারাদিন অল্প অল্প করে পানি পান করুন।
দিনের শুরুতে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন। অফিসের ডেস্কে নিজের জন্য পানির বোতল রাখুন এবং নিয়ম মেনে পানি পান করুন।
জিএ