টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রতিকি ছবি
আধুনিক কর্পোরেট জীবনের মূল চিত্র হলো সকাল থেকে রাত পর্যন্ত কম্পিউটারের সামনে এক ভঙ্গিতে বসে কাজ করা। দীর্ঘ সময় ধরে এই অভ্যাসের ফলে ঘাড়, পিঠ কিংবা কোমরের ব্যথা অনেক অফিসকর্মীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে। সাধারণত অনেকে এসব অস্বস্তিকে সামান্য ক্লান্তি বা কাজের চাপ ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকের মতে, এই উপসর্গগুলো আসলে ‘অফিস সিনড্রোম’-এর ইঙ্গিত।
অফিস সিনড্রোম কোনও নির্দিষ্ট রোগ নয়; বরং দীর্ঘসময় অস্বাস্থ্যকর ভঙ্গিতে বসে কাজ করার কারণে একাধিক শারীরিক সমস্যার সম্মিলন। মূলত এটি পেশি ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ঘন্টার পর ঘন্টা ঝুঁকে বসে কাজ করলে শরীরের বিভিন্ন পেশি শক্ত হয়ে যায় এবং মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়। এর ফলে ঘাড়, কাঁধ ও পিঠে ব্যথা, মাথাব্যথা, কোমরে যন্ত্রণা, কব্জি ও আঙুলে ব্যথা, চোখের সমস্যা এমনকি হাতে-পায়ে ঝিঁঝিঁ ধরার মতো উপসর্গ দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যার জন্য চারটি কারণ সবচেয়ে বেশি দায়ী—
১. ভুল ভঙ্গিতে বসা, বিশেষ করে ‘টেক নেক’ সমস্যা, যা ঘাড় ও শিরদাঁড়ায় অতিরিক্ত চাপ তৈরি করে।
২. দীর্ঘসময় গতিহীন অবস্থায় থাকা, যার ফলে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং পেশি শক্ত হয়ে যায়।
৩. চেয়ার ও ডেস্কের উচ্চতা সঠিক না হওয়া।
৪. মানসিক চাপ, যা ঘাড় ও কাঁধের পেশিকে আরও শক্ত করে তোলে।
তবে সামান্য জীবনধারার পরিবর্তনেই অফিস সিনড্রোম এড়ানো সম্ভব।