টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৬:১৫, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটির সরকার। এ জন্য দুটি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারত দুটি প্রধান শর্ত দিয়েছে। এসব শর্তের মধ্যে প্রথম শর্ত: শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্রাফটে- তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্ত, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে। তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”
তিনি জানান, বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে। এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
জিএ