উৎসব-আনন্দে বেরোবিতে এমসিজে বিভাগের মিলনমেলা

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১১:১২, ১৩ নভেম্বর ২০২৬

উৎসব-আনন্দে বেরোবিতে এমসিজে বিভাগের মিলনমেলা

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের ‘এমসিজে উৎসব ২০২৬’। 

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দিনব্যাপী এ উৎসবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এ বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে সংবর্ধনা, নবীনবরণ, বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

এর আগে সকালে বিভাগ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সেলিব্রেশন র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ৩য় তলায় বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।  বিকেল ৩টায় স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা, চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান  তাবিউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশসেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর আবু মুহম্মদ সালাউদ্দিন সুমন।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণাঙ্গ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেয়েদের এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরাও এই সাফল্যের ধারা অব্যাহত রেখে হিসেবে নিজেদের গড়ে তুলবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘এমসিজে উৎসব ২০২৬’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার। এ সময় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং চ্যাম্পিয়ন দল ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধ্যায় স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠানের তৃতীয় পর্বে কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমনের প্রাণবন্ত গল্পকথন এবং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন