ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৭:৫৯, ১৪ নভেম্বর ২০২৬

ইয়াবা বিক্রির অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর ব্যক্তি হলেন মো. জাহিদ হাসান রনি (৩০)।

রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপরদিকে জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে রাকিবের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

এ ছাড়া তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা সংগ্রহ করে শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রির কথা জানিয়েছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ রাকিব হাসান রিফাত ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

জিএ

 

আরও পড়ুন