টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই ৩৫ গ্রামে, কারণ কী?

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৭:৪১, ১৪ নভেম্বর ২০২৬

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই ৩৫ গ্রামে, কারণ কী?

ছবি: সংগৃহীত

একটানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকাটাও যেখানে অকল্পনীয় সেখানে টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই বাংলাদেশের একটি ইউনিয়নের ৩৫টি গ্রামে।

গত জুন মাসে পদ্মা নদীর তলদেশের বিদ্যুতের কেবল ছিড়ে একটানা এই বিদ্যুৎ সংকটে রয়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের প্রায় দেড় হাজার গ্রাহক।

পদ্মার তলদেশে কেবল বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। টানা বিদ্যুৎ সংকটের কারণে চরের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তার ছিড়ে টানা প্রায় পনের মাস বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে পুরো ইউনিয়নবাসীকে।

চরের ভুক্তভোগী একজন গ্রাহক আব্দুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের টিভি-ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। তার ভাষায়, মনে হয় আমরা রোহিঙ্গাদের থেকেও অবহেলিত।

২০২১ সালে গ্রিড বিদ্যুৎ সুবিধা পেয়ে পদ্মার চরের প্রান্তিক মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এসেছিল কিন্তু বার বার বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে একটানা দীর্ঘ সময় সংকট তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বলে জানান আব্দুল জলিল।

চরের একজন গৃহিনী শোভা বিবিসি বাংলাকে বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে বাড়িতে ফ্রিজ কিনে এনেছিলেন, কিন্তু মাসের পর মাস ধরে সেটি বন্ধ রয়েছে। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা হিসেবে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে কিন্তু সেটি দিয়ে ফ্রিজ, মটর, ফ্যান চলে না।

তিনি বলেন, গরমে রাতভর বাতাস করতে হয়। মেয়েটা ঘুমাইতে পারে না। কষ্টে কান্দা আইসা পড়ে জানেন না। কী কমু কন। অনেক কষ্ট করতাছি। কারেন্ট না দিছিল এক ভাব কিন্তু দেওয়ার পর না থাকায় বেশি কষ্ট হইতাছে আমাগো সবার।

গ্রামে বিদ্যুৎ না থাকায় বাড়িতে অনেকেই সোলার প্যানেল বসিয়েছেন। এগুলো খুবই সীমিত ক্ষমতার যা দিয়ে ঘরের বাতি জ্বালানো বা ছোট আকারের ফ্যান চালানো সম্ভব। স্থানীয় বাজারে এক দর্জি বিদ্যুৎচালিত সেলাই মেশিন ব্যবহার করেন। বিদ্যুৎ সংকটের পর ১৮ হাজার টাকা খরচ করে নতুন ব্যাটারি কিনতে হয়েছে তাকে। হিসেবে করলে এই ব্যয় তার দোকানে বিদ্যুৎ খরচের কয়েক বছরের বিলের সমান।

বিদ্যুৎ সংকটের বিরূপ প্রভাব পড়েছে এলাকার জনজীবন, ক্ষুদ্র ব্যবসা, কৃষি, শিক্ষা সবখানেই। একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দুই শিশুকে নিয়ে গাছতলায় পড়াচ্ছেন এক শিক্ষক। তিনি বলেন, এ সমস্যার দ্রুত সমাধান করা জরুরি। 

অভিভাবকরা জানান, বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যেভাবে সংকটের সৃষ্টি

ঢাকার দোহার থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে চার কিলোমিটার কেবল টেনে নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দেশে শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় চরের গ্রামগুলো গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় আসে। সাবমেরিন কেবল স্থাপনের পর গত ৫ বছরে চার দফায় বিদ্যুতের তার ছিড়ে গ্রাহকরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

সবশেষ ২০২৬ সালের ৮ জুন নদীর তলদেশের তারটি ছিড়ে যায়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে। এই তার রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব তাদের। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেন, বর্ষায় নদীতে প্রবল স্রোতের কারণে বিচ্ছিন্ন কেবল মেরামত সম্ভব হয়নি।

কর্তৃপক্ষের ভাষ্য হলো, ‘‘নদীর তলদেশে প্রবল স্রোতের কারণে কেবল ছিড়ে যায়। উক্ত সময়ে ডুবুরির মাধ্যমে কেবল জোড়া দেওয়ার চেষ্টা করা হলে তারা জানান, নদীতে প্রবল স্রোত ও পানির উচ্চতা অনেক বেশি থাকার কারণে নদীর তলদেশে কাজ করা সম্ভব নয়। এরপর ডুবুরি ও স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হলে তারা নভেম্বর বা ডিসেম্বর মাসে নদীর স্রোত ও পানি কমলে কাজ করার পরামর্শ দেন। তবে বর্তমানে ডুবুরির সঙ্গে যোগাযোগ করা হলে কেবল জোড়া দিয়ে চালু করার সম্ভাবনা কম থাকায় নতুন করে কেবল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।’’

কর্মকর্তারা জানান, নদীর তলদেশে নতুন কেবল বসানোর খরচ আনুমানিক প্রায় আড়াই কোটি টাকা। এরমধ্যে কেবলের দাম ২ কোটি ১০ লাখ টাকা আর স্থাপনের খরচ ৩০ লাখ টাকা। আর সব প্রস্তুতি থাকলে কেবল বসাতে সময় লাগবে সর্বোচ্চ তিন দিন।

পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এরই মধ্যে ৪ কিলোমিটার কেবল সংগ্রহ করা হয়েছে। এবং নদীতে কেবল স্থাপনের জন্য ঠিকাদার নিয়োগের টেন্ডার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি হয়েছে। সবকিছু শেষ করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হবে।

বিদ্যুতের কেবল নদীর তলদেশে পলির নিচে থাকার কথা। কীভাবে এই তারটি বার বার কেটে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটিও বড় প্রশ্ন। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কিংবা স্থানীয় জনগণ কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেননি, কেন কীভাবে এই তার কেটেছিল।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির একজন এজিএম (মেইনটেন্যান্স) সবুজ মোল্লা বলেন, তারা তদন্ত করে দেখেছেন সেখানে অবৈধ বালু উত্তোলনের সময় এই তার ছিড়তে পারে। আবার পানির নিচে স্রোতের কারণেও কেবল বিচ্ছিন্ন হতে পারে বলে তাদের ধারণা।

অবহেলার অভিযোগ

পল্লী বিদ্যুৎ সমিতি এই বিলম্বের জন্য নদীর স্রোত ও পানির উচ্চতার বিষয়টিকে সামনে আনছেন। কিন্তু স্থানীয়রা বলছেন, সমিতি আন্তরিক হলে আরও দ্রুত এটি করা সম্ভব হতো।

ক্ষোভ প্রকাশ করে আব্দুল জলিল বলেন, ‘‘অন্যান্য জায়গায় যদি এরম কারেন্ট বিচ্ছিন্ন হয়ে থাকত এক সপ্তাহ কিংবা তিন ঘণ্টা একাধারে বিচ্ছিন্ন হয়ে থাকত ওখানে মিছিল-মিটিং শুরু হয়ে যাইত। রাস্তায় বিক্ষোভ শুরু হয়ে যাইত। আমাদের প্রতি বিদ্যুৎ অফিস গুরুত্ব দিতেছে না। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে দুর্ভোগ নাইমা আসছে।’’

এ কাজে অবহেলার প্রশ্ন উঠছে কারণ পুরনো কেবল কোথায় আছে বা সেটি মেরামত করা যায় কি না সেটি খুঁজে দেখা হয়নি। আর গত ৫ মাসে টেন্ডারসহ সব কাজ গুছিয়ে রাখলে আরও দ্রুত সমস্যা সমাধান করা সম্ভব ছিল।

এছাড়া চর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়াটা খুব একটা গুরুত্ব না পাওয়ার একটি কারণ হতে পারে সেখানে বিদ্যুৎ দিয়ে সমিতির খুব বেশি আয় হয় না। প্রান্তিক গ্রাহকরা ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সুবিধা পান। এই চাহিদা পূরণের জন্য সমিতির অবহেলা করছে কি না, এমন প্রশ্ন করা হলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি কোনো অবহেলা নেই। তবে সেখানে গিয়ে কথা বলার সময় একজন কর্মী কথায় কথায় বলছিলেন, ওই সংযোগ সমিতির জন্য তার ভাষায় একটা ‘লস প্রজেক্ট’। সেখানে কথোপকথনে বোঝা যায়, সমিতিতে চরে বিদ্যুৎ সরবরাহের বিষয়টিকে লাভজনক হিসেবে দেখা হয় না।

ভোক্তা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা ড. এম শামসুল আলম টানা বিদ্যুৎবিহীন থাকার বিষয়টিকে বিস্ময়কর বলে অভিহিত করেন। তিনি বলেন, এই সমস্ত কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকা দরকার। এটা লাভ-লসের প্রশ্ন না, সরকার এখানে ব্যবসা করে না। এটা সরকার জনগণের সেবা দেয়, সেবা দিচ্ছে সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হওয়ার দায়দায়িত্ব সংশ্লিষ্ট সেবাদানকারী কর্তৃপক্ষের।

তিনি বলেন, যেকোনো দৈব দুর্বিপাকে লাইন নষ্ট হতেই পারে। সেটা রেস্টোর করবে না। সেটা না করে এভাবে মাসের পর মাস তাদেরকে বিদ্যুৎ বঞ্চিত রাখবে। যেটা এক্সিসটিং লাইন, অ্যাপ্রুভড লাইন অনুমোদিত লাইন, রাষ্ট্র তাদের সুযোগটা দিয়েছে। এভাবে অবহেলা উপেক্ষা করা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এটা চরম গাফিলতি এবং এটার প্রতিকার হওয়া দরকার। এটা অপরাধের পর্যায়েও পড়ে।

পল্লী বিদ্যুতের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সংযোগ চালুর পর চার দফায় নদীতে তার বিচ্ছিন্ন হয়েছে। প্রথমে তিন ফেজের মধ্যে দুই ফেজ ছিড়ে যাওয়ার পর এক ফেজ দিয়ে সংযোগ চালু রাখা হয়। এরপর ২০২৩ সালে একক কেবলটি ছিড়ে ছয় মাস এবং চব্বিশের ৫ই নভেম্বর তৃতীয় দফায় বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় টানা ১৫ মাস বিদ্যুৎ সংকটে ছিল গোটা ইউনিয়নের মানুষ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন জানান, ইউনিয়নে ভোটার আছে প্রায় আট হাজার পাঁচশ। নারিকেলবাড়িয়া ইউনিয়ন এবং পাশের চর নাসিরপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের তিন থেকে চারটি গ্রাম মিলে প্রায় চল্লিশ গ্রামের অন্তত দশ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে।

তিনি বলেন, আমাদের এলাকার মানুষ একটা সময় ইলেকট্রিসিটি কী তারা বুঝত না। তারা যখন বিদ্যুৎ পেল তখন তাদের জীবনযাপনের মান উন্নয়ন হয়। তারা ফ্যানের বাতাস কখনো খায় নাই। তারা টিভি কখনো বিদ্যুতের মাধ্যমে দেখেনি আগে, ফ্রিজ চালায়নি। বিদ্যুৎ আসার পর তারা বাড়িতে ফ্যান লাগায়, ফ্রিজ আনে, মটর চালিয়ে সেচের ব্যবস্থা করে। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর অনেক ইলেকট্রনিক পণ্য বিশেষ করে ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসী চাচ্ছে স্থায়ী সমাধান।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন