টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৬:২৩, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
হামের প্রাদুর্ভাবে দেশজুড়ে শিশু মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট বিভাগে ৩ শিশু এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৪৭ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শুক্রবার) পর্যন্ত মোট ২ লাখ ৬৯ হাজার ১৭১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় মোট ২ লাখ ১৯ হাজার ৪৯৪ শিশুকে। একই সময়ে মোট ২ লাখ ১০ হাজার ৪০১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
জিএ