টিএনএন ডেস্ক
প্রকাশ: ০৯:২১, ৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
নানা ধরণের আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে তাকেই এ দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় আইজেনকোটকে নিজের সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট। রবিবার (০৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ কারণে পরবর্তী সরকার গঠনের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন হারজগ।
এ আলোচনায় আরব নেতৃত্বাধীন দলগুলোর আইনপ্রণেতাসহ মোট ৬৭ জন আইজেনকোটের পক্ষে সমর্থন জানান। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন আইনপ্রণেতা।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে অন্তত ৬১টি আসন নিয়ে জোট গঠন করতে হবে তাকে। সরকার গঠনের জন্য এটিই ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা।
অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন। ফলে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। এ নির্বাচনে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকোট। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭-তে। অন্যদিকে কট্টরপন্থী ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা হবে ঠিক ৬১ টি।
এ ছাড়া পার্লামেন্টে আস্থা ভোটে সমর্থন পেলে ৬১টি আসন ছাড়াও সরকার গঠন করতে পারবেন তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজনকে এ দায়িত্ব দেবেন। দ্বিতীয় মনোনীত ব্যক্তিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃতীয় একজন প্রার্থীকে সমর্থন দিতে পারবেন। ওই প্রার্থীকে সরকার গঠনের জন্য শেষবারের মতো ১৪ দিন সময় দেওয়া হবে।
দুই দফায় নির্ধারিত ব্যক্তিও যদি সরকার গঠন করতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
ইসরায়েলের পতনের সতর্কতা নেতানিয়াহুর
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ছিলেন আইজেনকোট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
শনিবার হারজগের সিদ্ধান্তের বিষয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ সদস্য আহমাদ তিবি বলেন, প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।
তিনি বলেন, তাদের আশঙ্কা ছিল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকার গঠনের পথে এগিয়ে যেতে পারেন। তবে শেষ পর্যন্ত আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানায়। এতে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে যান।
তিনি ধারণা করছেন আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোচ্ছেন আইজেনকোট।
তিনি বলেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর জন্য এটি স্বপ্নের সরকার না হলেও নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরানোই তাদের অগ্রাধিকার।
হারজগের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু সতর্ক করে বলেন, বিরোধী জোট আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সরকার গঠন করলে ইসরায়েলের পতন ঘটবে।
আগে ধারণ করা এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল এমন সরকার ভেতর থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ভেঙে ফেলবে। ইউরোপের বিভিন্ন দেশে যা ঘটছে, সেখানে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
জিএ