কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা: নির্বাচনে হস্তক্ষেপে ট্রাম্পের

টিএনএন ডেস্ক

প্রকাশ: ০৯:১৯, ৩ নভেম্বর ২০২৬

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা: নির্বাচনে হস্তক্ষেপে ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে মিশিগানে পরিস্থিতি উত্তপ্ত। এখানে আবদুল এল-সায়েদ সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে লড়ছেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এছাড়া নির্বাচনসংক্রান্ত বিরোধে আলাস্কাতেও হস্তক্ষেপের ব্যর্থ চেষ্টা চালিয়েছে ট্রাম্প প্রশাসন।

ক্ষমতায় নিজের শেষ দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন ট্রাম্পের প্রধান লক্ষ্য। তবে ভোটের আগের শেষ বড় ভাষণে তিনি নির্বাচনের বিষয়টি গুরুত্ব না দিয়ে ওয়াশিংটনে লিংকন মেমোরিয়ালের সামনের একটি লেকের সংস্কারকাজের প্রশংসায় বেশি সময় ব্যয় করেন। হোয়াইট হাউসে দ্বিতীয়বার ফিরে আসার পর ওয়াশিংটনের যেসব সরকারি উন্নয়ন প্রকল্পকে তিনি অগ্রাধিকার দিয়েছেন, এটি তার অন্যতম।

মঙ্গলবারের (০৩ নভেম্বর) নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট গ্রহণ করা হবে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের জন্য তুলনামূলক কঠিন।

কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে আইন প্রণয়নের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা সীমিত হয়ে পড়বে। একই সঙ্গে তার প্রশাসনের কর্মকাণ্ড তদন্ত করার সুযোগ পাবে ডেমোক্র্যাটরা। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে সুপ্রিম কোর্টসহ কেন্দ্রীয় আদালতগুলোতে ট্রাম্পের মনোনীত বিচারকদের নিয়োগ আটকে দেওয়ার ক্ষমতাও পাবে তারা।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে দেওয়া ব্যালট গণনা সাময়িকভাবে বন্ধ রাখতে উচ্চ আদালতে আবেদন করেছিলেন। কিন্তু সোমবার তা খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এসব ভোটারের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিক নন।

দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত। ক্যালিফোর্নিয়ার যুক্তি ছিল, অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ২০ হাজার ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া অ-নাগরিক শনাক্ত করার সরকারি প্রক্রিয়াতেও ভুলের আশঙ্কা রয়েছে।

এছাড়া ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজন অ-নাগরিকদের তালিকায় থাকা ব্যক্তিদের দেওয়া ব্যালট আলাদা করে রাখারও কোন নির্দেশ দেন নি আদালত। 

৮০ বছর বয়সী ট্রাম্প রিপাবলিকান প্রার্থীদের পক্ষে জোরেশোরে প্রচার চালিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, গত ৩২ দিনে তিনি ২০টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। ভোটের আগের দিন তার শেষ কর্মসূচি ছিল ওয়াশিংটনের সংস্কার করা একটি লেক পুনরায় খোলে দেওয়ার উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেওয়া। সেখানে সাবেক এই আবাসন ব্যবসায়ী ২০ মিনিটের বেশি সময় ধরে পানির পাইপ, সংযোগস্থল, ফাটল বন্ধের কাজ, গ্রানাইটের উপরিভাগ সংস্কার, শৈবাল ও পানির ফুটো নিয়ে কথা বলেন।

ট্রাম্প বলেন, “ওয়াশিংটনের জন্য আমাদের অনেক ভালো পরিকল্পনা রয়েছে। চাইলে দেশ নিয়েও কথা বলতে পারি, কিন্তু সে জন্য আপনাদের হাতে যথেষ্ট সময় নেই।”
নির্বাচন প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, “আপনারা যখন ভোট দেবেন, মনে রাখবেন যে দল যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে, যারা দেশ গড়েছেন তাদের ওপর সেই দলের শাসন করতে দেওয়া যায় না।”

সোমবার সম্পন্ন রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ৩৮ শতাংশ।

সরাসরি কেন্দ্রে গিয়ে কিংবা ডাকযোগে আগাম ভোট দেওয়ার ক্ষেত্রেও নতুন রেকর্ড হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত ৫ কোটি ৭০ লাখ ভোট পড়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে পুরো সময়ে ৪ কোটি ৫০ লাখ ভোট পড়েছিল।

মিশিগানে উত্তেজনা তুঙ্গে

মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে লড়ছেন। পেশায় চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স।

তাদের মধ্যে হাড্ডাহাড্ডি সিনেট নির্বাচনী লড়াইটি গত সপ্তাহান্তে আরও উত্তপ্ত হয়ে ওঠে। ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে এল-সায়েদের কাছে হেরে যাওয়া প্রতিনিধি পরিষদের সদস্য হ্যালি স্টিভেন্স পরে রজার্সকে সমর্থন জানান।

এর পর এল-সায়েদের নির্বাচনী প্রচারশিবির জানায়, রবিবার তারা ২৪ লাখ ডলার অনুদান পেয়েছে, যা এক দিনে তাদের সর্বোচ্চ তহবিল সংগ্রহের রেকর্ড। এই অর্থের বড় অংশ এসেছে ছোট অঙ্কের অনুদান থেকে।

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা ট্রাম্প প্রশাসনের

রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান এস. সুলিভান অল্প ভোটের ব্যবধানে হেরে গেলে নির্বাচনের ফল অনুমোদন আটকে দেওয়ার আবেদন জানিয়েছিল মার্কিন বিচার বিভাগ। তবে রবিবার এক ফেডারেল বিচারক সেই মামলা খারিজ করে দেন।

বিচার বিভাগের যুক্তি ছিল, একই ব্যালটে ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র নামে আরেক প্রার্থী থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন।

আলাস্কায় একই পদে দুই সুলিভানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্বাচনী প্রচারে বিতর্ক তৈরি হয়েছে। গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনী প্রচারশিবির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়রকে নির্বাচনে দাঁড় করানোর পেছনে ভূমিকা রেখেছিল। উদ্দেশ্য ছিল ভোট ভাগ করে দেওয়া।
রবিবার সিনেটর ড্যান সুলিভান বলেন, ট্রাম্প প্রশাসন এ ঘটনায় ফৌজদারি তদন্ত চালালেও মঙ্গলবারের নির্বাচনের ফল তিনি মেনে নেবেন।

পেলটোলা এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়রও পেলটোলার নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে সমন্বয় করার অভিযোগ অস্বীকার করেছেন।

জিএ

আরও পড়ুন