হুমকির মধ্যেই আবারও বিমানবন্দর চালু করলো রিয়াদ

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১১:১৭, ২৬ অক্টোবর ২০২৬

হুমকির মধ্যেই আবারও বিমানবন্দর চালু করলো রিয়াদ

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরেই সৌগি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে তাদের হামলার হুমকি উপেক্ষা করেই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট অপারেশন আবারও চালু করেছে রিয়াদ। রবিবার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমান বন্দরটির ফ্লাইট অপারেশন চালু হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, রবিবার ভোরে রিয়াদ বিমানবন্দর থেকে একটি বিমান উড্ডয়ন করে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে হুথি গোষ্ঠীর অব্যাহত হামলার কারণে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ ছিল। হুথি গোষ্ঠী হুমকি দিয়েছিল যে বিমানবন্দর চালু করা হলে আবার হামলা করা হবে।

২৪ অক্টেবর হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি সতর্ক করে বলেন, বিমানবন্দরটি এখনও ‘অনিরাপদ’।

তিনি বলেন, সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় এয়ারলাইন্স- পাশাপাশি বিমানবন্দর কর্মী ও যাত্রীদের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্ক করছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। কারণ এটি অনিরাপদ এবং আমাদের বাহিনীর জন্য একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’।

এই বিমানবন্দরে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটলে তার দায় সৌদি সরকারকে বহন করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের পাল্টাপাল্টি হামলা চলছে।

হুমকির মধ্যেই শনিবার সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ অক্টোবর, ২০২৬, রবিবার থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল (১) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য খোলা হবে। আর টার্মিনাল (২) জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে।

সূত্র: এএফপি, এনডিটিভি

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন