২০২৭ সালের এইচএসসি পরীক্ষা ৬ জুন

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৫:৫৮, ১৪ মে ২০২৬

২০২৭ সালের এইচএসসি পরীক্ষা ৬ জুন

ছবি: সংগৃহীত

আগামী বছর ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ৩টার দিকে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীসহ অংশীজনের পরামর্শে তারিখ পিছিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন নেওয়ার সিদ্ধান্ত হয়।

একই সংবাদ সম্মেলনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সেশন-জট কমানোর জন্য আমাদের লক্ষ্য ছিল এ বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়।

প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করতে চান।

এহসানুল হক মিলন বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং ১০ ফেব্রুয়ারি রোজা শুরুর কয়েক দিন আগেই পরীক্ষাটা শেষ করতে চাই। আর এইচএসসি পরীক্ষা জুনের মধ্যে শেষ করতে চাই, যাতে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুকরা ফল সেমিস্টারে ভর্তিটা ধরতে পারে।

শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন-জট না হয়, এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আজ তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিং আছে। সেখানে আলোচনা করব কীভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস শেষ করে, সময় নষ্ট না করে কীভাবে ঠিকমতো এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরই থাকে। কোনো সেশনজট যেন না হয়, যেন পিছিয়ে না পড়ো।

দীর্ঘ বছর ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিল। ২০২০ সালে করোনা মহামারির পর থেকে এই সূচির ব্যত্যয় ঘটে।

সেই পরিবর্তিত সূচি অনুযায়ী চলতি বছরের (২০২৬ সাল) এসএসসি পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী জুলাই মাসে।

জিএ

আরও পড়ুন