টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৬:২০, ১৪ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের ঘোষিত প্রথম দাবি হলো, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। দ্বিতীয় দাবি হলো, বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তৃতীয় দাবিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
চট্টগ্রাম: সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আন্দোলনের ফলে দুই নম্বর গেইট থেকে মুরাদপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পাঁচলাইশ থানার ওসি মো. জহেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী দুর্যোগের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করায় বাধ্য হয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।
ময়মনসিংহ: দুপুরে ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ায় দুর্ভোগের বিষয়টি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হয়েছে।
বরিশাল: বেলা সোয়া ১২টায় বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। অবরোধের ফলে বরিশাল-ঢাকা সড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে চরম যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী আলিফ জানান, বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রের কঠিনতা নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝানো হচ্ছে।
ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কর্মসূচিতে প্রশ্নপত্রের কঠিনতা কমানো, খাতা মূল্যায়ন, কঠিন বিষয়ে ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ ও বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়। একই সঙ্গে পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও উত্থাপন করেন।
সমাবেশে শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তারসহ অনেকে বক্তব্য দেন। কর্মসূচি থেকে বুধবার দুপুর ১টায় আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
জিএ