টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৩:৪৬, ১২ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ঘণ্টার মধ্যেই ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হওয়া অধ্যাপক ড. আনিসুর রহমানকে এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য (প্রোভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-উপাচার্য হিসেবে ড. আনিসুর রহমানের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—সেই পর্যন্ত কার্যকর থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং ভাইস-চ্যান্সেলরের নির্দেশনায় দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে, একই অধ্যাপককে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের আত্মীয়তার অভিযোগ ওঠার পর সেই নিয়োগ প্রজ্ঞাপন এক ঘণ্টার মধ্যেই বাতিল করা হয় বলে জানা যায়।
প্রসঙ্গত, নুরুজ্জামান আহমেদ ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন এবং লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও পরে পূর্ণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
/এআর