টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৪:৩৬, ১১ জুন ২০২৬
শরীফ ওসমান হাদি। সংগৃহীত
আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন, কর্ম ও শাহাদাতের বীরত্বগাথা। শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে একাধিক পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে নতুন পাঠ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করার কথাও আলোচনায় আসে।
এছাড়া সভায় জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে তার জীবন ও বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।
সভা সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ের আদলে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধের মতো ব্যক্তিত্বদের সঙ্গে শরিফ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
/এআর