টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৬:৫৯, ১৩ মে ২০২৬
ছবি: সংগৃহীত
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু করা গেলে রোজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হবে।
সভায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম এসএসসি পরীক্ষা আগে নেওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, এসএসসি পরীক্ষা আগে শেষ হলে এইচএসসির সিলেবাস সম্পন্ন করতে সুবিধা হবে। তবে এইচএসসি পরীক্ষা মার্চ বা এপ্রিল মাসে আয়োজন করা হলে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতির সুযোগ পাবে। ফরম পূরণের পর শিক্ষার্থীদের প্রস্তুতির জন্যও একটি পর্যাপ্ত সময় থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভা শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে আয়োজন করা যায়, কীভাবে সময়সূচি সমন্বয় করা যায় এবং ২০২৭ সালের মধ্যেই তা বাস্তবায়ন সম্ভব কি না, সে বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা যেন ভোগান্তিতে না পড়ে, সেটিই সরকারের প্রধান বিবেচনা।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন জানান, বৈঠকে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হতে পারে।
/এআর