জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮:০১, ১১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাস সংস্কার, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা। পাশাপাশি অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানানো হয়।
এ ছাড়া একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার পাশাপাশি পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ সংগঠনটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জিএ