সাত বছর আগেই চালু ই-জার্নাল নতুন করে উদ্বোধন করলেন বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২১:২৫, ১১ নভেম্বর ২০২৬

সাত বছর আগেই চালু ই-জার্নাল নতুন করে উদ্বোধন করলেন বেরোবি উপাচার্য

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় সাত বছর আগে চালু হওয়া ই-জার্নাল সেবা বুধবার (১১ নভেম্বর) নতুন করে উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তবে নতুন করে উদ্বোধন করা হলেও ই-জার্নাল সেবাটি বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারে নতুন নয়। আগে থেকেই এ সেবা চালু ছিল। তখন নির্দিষ্ট মেয়াদের চুক্তির আওতায় জার্নাল ব্যবহারের সুযোগ থাকলেও বর্তমান ব্যবস্থায় দীর্ঘমেয়াদে অ্যাক্সেসের সুযোগ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের আয়োজনে অনুষ্ঠানে ই-বুক ও ই-জার্নাল সেবার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগে ই-জার্নাল ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়ের সাবস্ক্রিপশন বা চুক্তি ছিল। ফলে চুক্তির মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট জার্নালে অ্যাক্সেসের সুযোগও সীমিত হয়ে পড়ত। নতুন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা বা প্ল্যাটফর্মের চুক্তির আওতায় এ সীমাবদ্ধতা দূর করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদে এসব জার্নাল ব্যবহারের সুযোগ পাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ে ই-জার্নাল সেবা আগে থেকেই চালু ছিল। তবে আগের ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস পাওয়া যেত। বর্তমানে নতুন চুক্তির মাধ্যমে সেই সময়সীমার সীমাবদ্ধতা দূর করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সাতটি প্রকাশনা সংস্থার মাধ্যমে ৩০ হাজার ৭১৬টি ই-বুক এবং দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার ৩১৩টি ই-জার্নাল ব্যবহারের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। সভাপতিত্ব করেন সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।

 এ ব্যাপারে সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ই-জার্নাল সেবা চালু ছিল। তবে সে সময় নির্দিষ্ট মেয়াদের জন্য অ্যাক্সেসের সুযোগ থাকায় ব্যবহারকারীদের কিছু সীমাবদ্ধতা ছিল। বর্তমান ব্যবস্থায় সেই সীমাবদ্ধতা দূর করে দীর্ঘমেয়াদি অ্যাক্সেসের সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ে ই-বুক সেবা যুক্ত করা হয়েছে।

এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোসাম্মৎ সিফাত রুমানা, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিকী, প্রক্টর মো. ইসমাইল হোসেন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ.টি.এম. জিনাতুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলার সম্প্রসারণকাজ, গ্রন্থাগারের দক্ষিণ পাশে সাইকেল গ্যারেজ সংস্কার এবং সংবাদপত্রের আর্কাইভ ও সংরক্ষণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন