প্রশাসনিক সংকট নিয়ে ফেসবুকে বেরোবির শিক্ষকের ক্ষোভ

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২২:০৬, ১১ নভেম্বর ২০২৬

প্রশাসনিক সংকট নিয়ে ফেসবুকে বেরোবির শিক্ষকের ক্ষোভ

ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সংগঠন, ছাত্র সংসদ ও সিনেট নেই। নেই উপ-উপাচার্য ও ট্রেজারার পদেও নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের এমন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শূন্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহা. মাহমুদুল হক।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করেন, ‘সবকিছুই যখন নেই, তখন জবাবদিহিতা কোথায় থাকে?’

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সংগঠন ও ছাত্র সংসদ নির্বাচন নেই। নেই সিনেট, উপ-উপাচার্য ও ট্রেজারারও। সিন্ডিকেট সদস্য থাকলেও তাঁদের সবাই সরাসরি সভায় উপস্থিত থাকেন না; কেউ কেউ অনলাইনে যুক্ত হন। এ ছাড়া ছাত্রসংগঠনগুলোর কার্যকর ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নিয়োগ ও দায়িত্ব পালন প্রসঙ্গেও স্ট্যাটাসে নানা বিষয় তুলে ধরেন এই শিক্ষক। তিনি লেখেন, বর্তমান উপাচার্যের নিয়োগ বাতিল করে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলেও এক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়। পরে আগের উপাচার্যকেই দায়িত্বে বহাল রাখা হয়। ওই সময়ে নিয়োগ পাওয়া উপাচার্যকে পরবর্তী সময়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা নিয়োগের ওপর মৌখিক নিষেধাজ্ঞা বহাল থাকার বিষয়টিও স্ট্যাটাসে তুলে ধরেন মোহা. মাহমুদুল হক। তাঁর ভাষ্য, বর্তমান উপাচার্যকে বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের অনুমতি নিয়ে কাজ করতে হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে।

স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিছু ব্যক্তির প্রভাব ও বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন তিনি। তাঁর মতে, এসব পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে কারা উপস্থিত থাকেন, তা দেখলেও বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘তবে আমি আছি এবং থাকব। এত কিছু না থাকার মধ্যেও বেরোবি অন্যায় ও অপকর্মমুক্ত থাকুক—এই কামনা করি।’

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন