টিএনএন ডেস্ক
প্রকাশ: ১৭:৪৫, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটিতে রাতের আঁধারে আদালত, বন বিভাগসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার ফেসবুক একাউন্টে ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ধর্মঘট সফল করতে জেলা ছাত্রলীগের উদ্যোগে এই তালা ঝুলানো হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, রাঙ্গামাটি আদালত প্রাঙ্গণের গেইট, বন বিভাগের গেইট, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি ও বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে মাক্স পরা কয়েকজন ব্যক্তি তালা লাগাচ্ছে এবং অন্য একজন সেই দৃশ্য ভিডিও ধারণ করছেন।
এছাড়াও বন সংরক্ষক কার্যালয়ের দেওয়ালেও পোস্টার লাগাতে দেখা যায়।
মঙ্গলবার সকালে সরেজমিনে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আদালতের গেইট, বন বিভাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলছে।
শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী রত্নভূষণ চাকমা জানান, সকাল পৌনে ৭টার দিকে স্কুলে ঝাড়ু দেওয়ার জন্য আসি। এসে দেখি স্কুলের ফটকে তালা ঝুলছে। তালার সাথে চাবিও লাগানো ছিল। কে বা কারা এই তালা লাগিয়ে গেছে, আমি জানি না।
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক বলেন, স্কুলের মূল গেটের পাশে পকেট গেটে শেকলসহ তালা পাওয়া গেছে। তবে তালা দিলেও গেট পুরোপুরি বন্ধ না থাকায় স্কুলে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
রাঙ্গামাটি কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, কোর্ট শেষে নিরাপত্তার স্বার্থে সাধারণত তালা লাগানো হয়। এর বাইরে বাড়তি কোনো তালা কেউ লাগিয়ে থাকলে বিষয়টি আমার জানা নেই।
এদিকে, ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেন। এ সময় তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। পরে হাঁতুড়ি দিয়ে বিভিন্নপ্রতিষ্ঠানের ফটকে লাগানো তালা ভেঙে দেওয়া হয়।
রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ বলেন, রাতের আঁধারে অগণতান্ত্রিক উপায়ে শহরের গুরুত্বপূর্ণ বেশকিছু কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা। সকালে খবর পেয়ে আমরা ৯টার আগেই এসব তালা ভেঙে ফেলি। ছাত্রলীগের এমন নাশকতা মোকাবেলা করার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।
জানতে চাইলে রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে তালা লাগানোর একটি ভিডিও আমাদের নজরে এসেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
জিএ