খুলনায় বিএনপি কার্যালয় ও ট্রেনের বগিতে আগুন

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৭, ১০ নভেম্বর ২০২৬

খুলনায় বিএনপি কার্যালয় ও ট্রেনের বগিতে আগুন

ছবি: সংগৃহীত

খুলনায় রেল স্টেশনের কাছে ট্রেনের একটি বগিতে ও বটিয়াঘাটায় স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে সংঘটিত এসব ঘটনায় ট্রেনের তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি কার্যালয়ের ব্যানার ও ভেতরের অংশ পুড়ে গেছে।

খুলনা রেলওয়ে পুলিশের ওসি মো. জিয়াউর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি খুলনায় পৌঁছায়। পরে রাত তিনটার ১০ মিনিটের দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াস ফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে আন্তনগর নকশীকাঁথার এস ৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে। স্থানীয় মানুষ ও রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয় এবং এ ঘটনায় বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাথমিকভাবে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার ভোরে খুলনা মহানগরীর পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজের সময় দুজন মুখোশধারী যুবক মোটরসাইকেলে করে জলমা ইউনিয়নের দারোগার ভিটা এলাকার ওই বিএনপি কার্যালয়ের সামনে এসে ব্যানার ও ভেতরে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি। 

বটিয়াঘাটা থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।

জিএ

আরও পড়ুন