জুলাইয়ের স্মৃতিচারণমূলক গ্রন্থ ’জুলাইগাঁথার’ মোড়ক উন্মোচন করল চাকসু

চবি প্রতিনিধি

প্রকাশ: ২২:০৮, ২১ অক্টোবর ২০২৬

জুলাইয়ের স্মৃতিচারণমূলক গ্রন্থ ’জুলাইগাঁথার’ মোড়ক উন্মোচন করল চাকসু

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক গ্রন্থ জুলাইগাঁথার মোড়ক উন্মোচন করা হয়েছে। 

বুধবার বিকেলে চাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ৬৭ জন লেখকের স্মৃতিচারণ স্থান পেয়েছে। বইটি চবি শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র ও শহীদ ফরহাদ হোসেনকে উৎসর্গ করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির সম্পাদকীয় উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সম্পাদকমণ্ডলীর সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, সম্পাদক হারেস মাতাব্বর, সহকারী সম্পাদক জিহাদ আহনাফ এবং সম্পাদনা সহযোগী মুহাম্মদ রিয়াদ উদ্দিন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলী, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, জুলাই নিয়ে চাকসুর এ বইটি একটি মাইলফলক হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ নতুন বাংলাদেশ ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। তবে জুলাই-পরবর্তী বাংলাদেশে প্রত্যাশিত পরিবর্তন আদৌ এসেছে কি না, সেই প্রশ্নও রয়ে যায়। 

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, এ বইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের স্মৃতিগুলো একত্রে দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। আমরা বিশ্বাস করি, এ দেশে আর কেউ যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাদের বলব, এখান থেকে শিক্ষা নিন।

বইটির সম্পাদক হারেস মাতাব্বর বলেন, জুলাইয়ের স্মৃতি ও ইতিহাস মলাটবদ্ধ করার অন্যতম উদ্দেশ্য হলো, ভবিষ্যত বাংলাদেশে কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে পরবর্তী প্রজন্ম যেন জুলাইয়ের ইতিহাস ও চেতনা ধারণ করে তার বিরুদ্ধে সোচ্চার থাকতে পারে।

তিনি আরও বলেন, বইটির বিশেষ দিক হলো, এতে চট্টগ্রামের ১৬ জন শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামে আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন