প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

জাবি প্রতিনিধি 

প্রকাশ: ২১:১২, ১৭ অক্টোবর ২০২৬

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নিয়োগের বিষয়টি জানিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন দুটিতে তাঁর নিয়োগের তথ্য প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩ অক্টোবর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে এ মনোনয়ন দেওয়া হয়।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার পৃথক প্রজ্ঞাপনে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধান তথ্য কমিশনার হিসেবে তাঁর পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক। একই দিনে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন