মিরপুরে ক্রিকেট টুর্নামেন্ট, মাদকবিরোধী সচেতনতামূলক আয়োজন

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২০:৫৭, ২১ অক্টোবর ২০২৬

মিরপুরে ক্রিকেট টুর্নামেন্ট, মাদকবিরোধী সচেতনতামূলক আয়োজন

ছবি : সংগৃহীত

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে ক্রিকেট টুর্নামেন্ট ও মাদকবিরোধী সচেতনতামূলক আয়োজন করেছে মডেল একাডেমির এসএসসি ২০১৮ ব্যাচ ও স্টুডেন্টস ফর লিবার্টি (Students For Liberty)। ‘ইয়ুথ অ্যাকশন ডে’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্টুডেন্টস ফর লিবার্টির সিনিয়র লোকাল কো-অর্ডিনেটর আনিকা আঞ্জুম মাদক অপব্যবহার প্রতিরোধে কার্যকর জননীতি, ব্যক্তিগত সচেতনতা ও তরুণদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মাদক সমস্যার মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং বাস্তবসম্মত নীতিগত উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক লতিফুল বারী। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধ চর্চায় তরুণদের উৎসাহিত করেন।

এ ছাড়া চিকিৎসক ডা. খন্দকার মেহেরিন মারফি মাদক অপব্যবহারের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা করেন। মাদকাসক্তির সম্ভাব্য চিকিৎসাগত জটিলতা সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

আয়োজকদের মতে, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

মডেল একাডেমির এসএসসি ২০১৮ ব্যাচ ও স্টুডেন্টস ফর লিবার্টির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি মাদক অপব্যবহার প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন