চবি ক্যাম্পাসে সিএনজি ও রিকশা নিবন্ধন শুরু করল চাকসু

চবি প্রতিনিধি

প্রকাশ: ২০:০০, ১৭ অক্টোবর ২০২৬

চবি ক্যাম্পাসে সিএনজি ও রিকশা নিবন্ধন শুরু করল চাকসু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলকারী সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সহজে শনাক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। এ কার্যক্রমের আওতায় ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজি ও ৩০০টি রিকশা নিবন্ধন করা হবে।

উদ্বোধনকালে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, ক্যাম্পাসের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সব সিএনজি ও রিকশা নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহনগুলো সহজেই শনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে। এ জন্য চাকসুসহ সচেতন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ক্যাম্পাসে চলাচলকারী সিএনজি ও রিকশা নিবন্ধনের বিষয়ে তাঁরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। গত কয়েক দিনে সিএনজি ও রিকশা সমিতির সঙ্গে দফায় দফায় আলোচনার পর আজ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিটি গাড়িতে নির্দিষ্ট নম্বরসংবলিত স্টিকার লাগানো হবে এবং চালকদের ভেস্ট দেওয়া হবে। নির্ধারিত পোশাকবিধি ও স্টিকার ছাড়া কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন