জাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৬, ৩ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো ফ্লেক্সিবল বা 'ওপেন ক্রেডিট' সিস্টেম চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে সারা দেশে অভিন্ন শিক্ষাবর্ষ হিসেবে ‘সেপ্টেম্বর সেশন’ চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
শনিবার (৩ অক্টোবর) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা জানান। ‘The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাবিপ্রবি কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে ইউজিসি সদস্য বলেন, সরকার আন্তর্জাতিক কোলাবোরেশন বা বিদেশি শিক্ষার্থী আকর্ষণের স্বপ্ন দেখছে এবং এর জন্য ‘স্টাডি বাংলাদেশ’ নামে একটি পোর্টাল তৈরির কথা ভাবা হচ্ছে। এটি বাস্তবায়ন করতে হলে ফ্লেক্সিবল ক্রেডিট সিস্টেমে যেতে হবে এবং সব জায়গায় একই একাডেমিক ক্যালেন্ডার (সেপ্টেম্বর স্টার্ট) হতে হবে। বর্তমান সরকারের আমলেই ওপেন ক্রেডিট ও সেপ্টেম্বর সেশন—এই দুটি কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি শিক্ষার্থীদের নিশ্চিত করেন।
শিক্ষার মান ও গবেষণায় ভৌগোলিক বৈষম্য কমানোর লক্ষ্যে ‘ফ্যাকাল্টি এক্সচেঞ্জ’ প্রোগ্রাম চালুর ঘোষণাও দেন তিনি। ড. মামুন বলেন, আঞ্চলিক বৈষম্য কমাতে একটি স্কিম তৈরি করা হচ্ছে। আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জামালপুরে বা জামালপুরের শিক্ষকরা রংপুরে গিয়ে পড়াবেন। এই কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষকদের অন্তত দ্বিগুণ সম্মানী দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া)-এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন।
জিএ