টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে এবারও স্থান পায়নি বেরোবি

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪৫, ৩ অক্টোবর ২০২৬

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে এবারও স্থান পায়নি বেরোবি

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ এবারও জায়গা হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)। এমনকি র‍্যাঙ্কিংয়ে অংশ নিয়েও মূল র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত বাংলাদেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই বেরোবির নাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) THE-এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এর তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর বাইরে THE-এর র‍্যাঙ্কিংয়ে অংশ নিলেও মূল র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় আরও ১০টি বিশ্ববিদ্যালয় ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ র‍্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এর পরের ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১২০১–১৪০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এ ছাড়া ১৪০১–১৬০০ ব্যান্ডে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১–২০০০ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)  অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন,  এইগুলোর জন্য বিভিন্ন জায়গায় রেজিষ্ট্রেশন করতে হয়৷ সেটি আমাদের করা হয়নি। 

উল্লেখ্য, শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার উৎকর্ষ, শিল্পের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক সম্ভাবনাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে টাইমস হায়ার এডুকেশন।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন