ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

টিএনএন ডেস্ক

প্রকাশ: ২২:২০, ৩ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে এক ব্যবসায়ীর গতিরোধ করে মারধরের পর চার লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন।

ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী খুরশিদ আলম শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেছেন। মামলায় ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহীনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে।

খুরশিদ আলমের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুরে। মুহুরী প্রকল্প এলাকায় তাঁর একটি মাছের খামার রয়েছে। পাশাপাশি নিজ মালিকানাধীন পিকআপ ভাড়ায় চালান তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার সকালে খুরশিদ আলম মুহুরী প্রকল্প এলাকায় খামারের মাছ বিক্রির টাকা এবং ভাড়ায় চালিত পিকআপের চালকের কাছ থেকে টাকা নিতে যান। দুপুরের দিকে চার লাখ ১০ হাজার টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ফেনীর উদ্দেশে রওনা হন তিনি।

পথে সোনাগাজীর সোনাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা এনামুল হক শাহীন, তাঁর সহযোগী নুরুল আফসার ও মো. মাসুদ অটোরিকশাটির গতিরোধ করেন বলে অভিযোগ করেন খুরশিদ আলম। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ব্যাগ নিয়ে এনামুল হক শাহীন ও নুরুল আফসার মোটরসাইকেলে করে পালিয়ে যান। খুরশিদ আলমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মো. মাসুদকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে খুরশিদ আলম বলেন, ‘এ ঘটনায় আমি শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করতে যাচ্ছিলাম। এ সময় উপজেলা বিএনপির এক নেতা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে আমাকে থানায় যেতে বাধা দেন। পরে শনিবার সন্ধ্যায় মামলা করেছি।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনামুল হক শাহীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে শনিবার আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন