বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

টিএনএন ডেস্ক

প্রকাশ: ১০:৩১, ৩ অক্টোবর ২০২৬

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি—বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী জালিম স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরা টিকিয়ে রাখতে পারে নাই।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, রাড্ডা কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের নয়; সব দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। আপনাদের দলীয় ফোরামকে নিয়ন্ত্রণ করুন। গণভোটের গণরায় কার্যকর করুন। তেল-গ্যাস-বিদ্যুৎসহ সমস্যা সমাধানের জন্য জনগণের কাছে জবাবদিহির ব্যবস্থা করুন। সিন্ডিকেট প্রথা বানচাল করুন। দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ব্যবস্থা করুন।

তিনি বলেন, আমরা রাজপথে নামতে ৬ মাস সময় নিয়েছি। আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ৬ মিনিট সময় বিলম্ব করেননি। সংসদ সদস্যের শপথ নিলেন; কারণ সংসদ সদস্যের শপথ নিলে সরকার গঠন করা যায়, মন্ত্রী হওয়া যায়। চেয়ারে ভাগ-ভাটোয়ারা, চাঁদাবাজি শুরু করে দিলেন। 

তিনি আরও বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট হয়েছে। এক ভোটে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আমাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নিয়েছেন। বাংলাদেশের মানুষ তা সাক্ষী। আমরা সংসদে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলব, সেজন্য আমাদের নিশ্চিত বিজয় ছিনতাই করে নিয়েছেন। সব আমরা সহ্য করেছি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এবং বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী ও নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি খন্দকার আনোয়ার হোসেন।

থানা সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, নির্বাহী সদস্য মাওলানা সাকিব সাইফী, নারায়ণগঞ্জ মহানগর যুব মজলিসের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মহানগর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি কারী ওমর ফারুক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদাউস বিন হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জিএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন